মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তায় পুরোনো প্রযুক্তির গুরুত্ব বাড়ছে

সাইবার নিরাপত্তায় পুরোনো প্রযুক্তির ব্যবহার নতুন কৌশল হিসেবে আবির্ভূত হচ্ছে।

সাইবার নিরাপত্তায় পুরোনো প্রযুক্তির গুরুত্ব বাড়ছে

বর্তমান সাইবার অপরাধীদের নতুন নতুন আক্রমণের প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে পুরোনো প্রযুক্তির ব্যবহার একটি নতুন কৌশল হিসেবে আবির্ভূত হচ্ছে। এই কৌশলটিকে সিকিউরিটি বাই অ্যান্টিকুইটি বা সিকিউরিটি বাই অবসোলেসেন্স বলা হয়।

ফিনল্যান্ডের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মিকো হিপ্পোনেন বহু বছর ধরে আধুনিক ইমেইল সেবা এড়িয়ে ইউডোরা নামক একটি পুরোনো ইমেইল সফটওয়্যার ব্যবহার করছেন। তিনি জানান, হ্যাকাররা সাধারণত লাভজনক শিকারের খোঁজে থাকে এবং যে প্রযুক্তি কম সংখ্যক ব্যবহারকারী রয়েছে, সেখানে আক্রমণের আগ্রহ তাদের থাকে না।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন সফটওয়্যার ব্যবহার করাই সুরক্ষার সর্বোত্তম উপায়, তবে কিছু ক্ষেত্রে পুরোনো প্রযুক্তি আধুনিক প্রযুক্তির তুলনায় অধিক নিরাপদ প্রমাণিত হচ্ছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট বিশপের একটি পরীক্ষায় দেখা গেছে, পুরোনো সফটওয়্যার ব্যবহার করে তৈরি হানিপট-এ কোনো হ্যাকার আক্রমণ করেনি। কিন্তু সফটওয়্যারটি আপডেট করার পরপরই সাইবার হামলা শুরু হয়।

পুরোনো ডিভাইসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। হিপ্পোনেন ও বিশপ জানান, অনেকেই ২৫ বছরের পুরোনো নোকিয়া ৯২১০ ফিচার ফোন ব্যবহার করছেন, যা স্মার্টফোনের মতো জটিল সাইবার হামলার শিকার হতে পারে না।

জাতীয় নিরাপত্তা খাতেও পুরোনো প্রযুক্তির ব্যবহার দেখা যাচ্ছে। আয়ারল্যান্ডের এভিয়েশন অথরিটি জিপিএস প্রযুক্তির ঝুঁকি কমাতে পুরোনো ভূ-ভিত্তিক রেডিও নেভিগেশন ব্যবহারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সামরিক খাতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে কমান্ডো ও সেনারা ডিজিটাল ম্যাপের পরিবর্তে কাগজের ম্যাপ ও কম্পাস ব্যবহার করছেন।

অনেক গণতান্ত্রিক রাষ্ট্র কাগজের ব্যালটকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের চেয়ে বেশি নিরাপদ মনে করে, কারণ কাগজের ভোট জালিয়াতি করা কঠিন। র‍্যানসামওয়্যার হামলার যুগে ৫০-এর দশকে আবিষ্কৃত ম্যাগনেটিক টেপও আজকাল ডাটা ব্যাকআপের জন্য জনপ্রিয়।

সার্বিকভাবে, সাইবার জগতের জটিলতা ও ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কারণে পুরোনো এবং এনালগ প্রযুক্তির দিকে ফিরে যাওয়ার এই প্রবণতা নতুন করে গ্রহণযোগ্যতা পাচ্ছে।

বিজ্ঞাপন