ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পাঁচদিন পরেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বহু অঞ্চল জলাবদ্ধ রয়েছে। এ অবস্থায় চলছে উদ্ধার অভিযান।
বন্যাদুর্গতদের উদ্ধার করতে ফ্যান বোট ও বিশেষ সামরিক যান ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল গার্ড সেনারা এই অভিযানে অংশ নিচ্ছেন। আটকে পড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় ৪৫০ জনকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জনপদগুলোতে ন্যাশনাল গার্ড, স্টেট গার্ড এবং ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের সদস্যদের উপস্থিতি বাড়ানো হচ্ছে।
এছাড়া, আরও দুটি নতুন উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। গত কয়েক দিনে দক্ষিণ ফ্লোরিডার একাধিক স্থানে ৭১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জরুরি অবস্থার সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগের সতর্কতা অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সপ্তাহজুড়ে ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তরের এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং বন্যা দেখা দিতে পারে।