যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। সড়কটির সম্মানসূচক নাম হবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ বলে জানা গেছে।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশকে খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব করা হয়।
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি দেশের জনগণের সেবায় কয়েক দশক ধরে নিয়োজিত ছিলেন এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের জন্য তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান।
প্রস্তাবনায় খালেদা জিয়ার মৃত্যু ৩০ ডিসেম্বর ২০২৫ সালে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার উত্তরাধিকার তার পরিবার এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্যে অব্যাহত রয়েছে।
শিকাগোর উইলিস টাওয়ার, যা আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল, শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানও শিকাগোর আকাশসীমার স্থাপত্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রস্তাবনাটি শিকাগো সিটি কাউন্সিলে পাস ও প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে এবং শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হবে।