প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে। তিনি বলেন, গার্মেন্টস খাতের অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে।
আজ রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতা প্রদর্শন করছে।
মাহদী আমিন উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, মাত্র তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। তিনি বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা দ্রুত ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো, শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা একটি সমতাভিত্তিক সমাজ গঠন করা।
মাহদী আমিন বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রত্যেক শ্রমিকের মৌলিক অধিকার। তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং অন্যান্য সহযোগীদের প্রশংসা করেন, যারা বাংলাদেশে শ্রম নীতিমালার উন্নয়নে সহায়তা করছে।