সরকার পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের প্রধান বিচারপতি শেখ আশফাকুর রহমান। আজ থেকেই এই বোর্ড কার্যকর হচ্ছে।
তিনি বলেন, বোর্ডের সভা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হবে।
আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, শ্রমিকরা এখন রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন।
মন্ত্রী আরও জানান, যারা অস্থিরতা সৃষ্টি করছে, তারা শ্রমিক নয়। পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিসেম্বরকে টার্গেট করে এ ধরনের আন্দোলন করছে।