২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি হবে।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে ১১ জন গ্রেফতার আছেন এবং বাকিরা পলাতক। এর আগে ৭ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন, যা মঞ্জুর করা হয়।
হেফাজতের নেতারা ৫ আগস্টের পর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেন। তদন্ত সংস্থা জানায়, ওই ঘটনার সঙ্গে জড়িত ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জনের হত্যার তথ্য পাওয়া গেছে।
এরপর ৪১ জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।