শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তিন মন্ত্রীসহ ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। আজ রোববার ট্রাইব্যুনাল-২ এ গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে হাজির করা হয়।

সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এদিন হাজির করা হয়নি। আদালত তাদেরসহ মোট ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজির করতে বলেছেন।

গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

৩০ জুলাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালীন সহিংসতার পর পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে এই ঘটনা ঘটে।

প্রসিকিউশন এ মামলায় হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যাসহ তিনটি অভিযোগ এনেছে। নিহত ৬১ জনের তালিকা পাওয়া গেলেও শনাক্ত করা সম্ভব হয়েছে ৫৮ জনের পরিচয়।

বিজ্ঞাপন