প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরির জন্য দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। এসময় তিনি উল্লেখ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও শরীফ ওসমান হাদিহত্যায় জড়িত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য একটি অনুকূল পরিবেশের প্রয়োজন রয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দিতে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। ঢাকা ও দিল্লি এক-দুই দিনের মধ্যে সফরের সময়সূচি চূড়ান্ত করতে পারে।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।