কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানান।
তিনি বলেন, "মুফতি আমির হামজার গাড়িবহরে তাঁকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা অতর্কিত ও বর্বরোচিত হামলা করেছে।" শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় এই হামলার শিকার হন আমির হামজা।
জানানো হয়, সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। হামলায় আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, "একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।" তিনি অভিযোগ করেন যে, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন।
তিনি আরও বলেন, "ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।