ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের শুরুতেই সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে বাক্যবিনিময় ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্পিকার প্রশ্নোত্তর পর্বের ঘোষণা দেন। এ সময় নাহিদ ইসলাম ফ্লোর চেয়ে দাঁড়িয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ করেন। স্পিকার জানান, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট, তিনি অধিবেশনে এলে আলোচনা করা যাবে।
নাহিদ ইসলাম বলেন, সরকারের কাছ থেকে তিনি কোনো উত্তর আশা করেন না। তিনি উল্লেখ করেন, ঘটনার পর কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন যে, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি, অথচ ঘটনাস্থলে ফরেনসিক দল যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, দেশে হামলার ঘটনা বেড়ে চলেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটছে। সংসদ সদস্যের বাড়িতে হামলা হওয়া এবং চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলার বিষয়টি তুলে ধরেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন তারা (বিএনপি)। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।