আজ বৃহস্পতিবার সকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) সাইডলাইন বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানও অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর বক্তৃতায় উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী কপ৩১-এর আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে তিনি বলেন, এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয়, যার মধ্যে ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ রয়েছে।