জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
নুসরাত তাবাসসুম পোস্টে উল্লেখ করেন, এ ধরনের হামলা চালিয়ে তার কণ্ঠরোধ করা যাবে না এবং তিনি আগুনের পথ পাড়ি দিয়েই নিজের কাজ চালিয়ে যাবেন।
তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এই ঘটনায় একটি ছাগল পুড়ে মারা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যে বাড়িতে আগুন লেগেছে, সেটি মূলত নুসরাত তাবাসসুমের দাদার একটি পরিত্যক্ত বাড়ি। আগুন লাগার প্রকৃত কারণ এবং পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।