বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে এই নিন্দা জানান।
ডা. শফিকুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি এ হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।
তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। জামায়াত আমির আরও জানান, সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে।
এদিকে, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠলেও দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, সেখানে বোমা নিক্ষেপের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, আগুনে একটি ছাগল পুড়ে মারা গেছে।