গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়েছে। শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
আজ বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শ্রমিকেরা সকালে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন।
শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন, ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।" তিনি জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
গেল ৮ ও ৯ নভেম্বর শ্রমিকদের আন্দোলনের পর মজুরি বোর্ডের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। তবে ১০ নভেম্বর আবারও উত্তেজনা দেখা দেয়, যার ফলে গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করেন।
কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।