শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, এই ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মন্ত্রী এসব তথ্য জানান। বৈঠকে সরকারের পাশাপাশি মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন। এ ছাড়া নির্দোষ শ্রমিকদের মুক্তির জন্য আহ্বান জানান তিনি।
শ্রমমন্ত্রী শ্রমিকদের কারখানায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শিল্প বাঁচলে, আয় বাড়লে বেতনও বাড়বে।" তিনি মালিকদেরও শিল্প কারখানা খুলে দেওয়ার কথা বলেন এবং সরকার সর্বোচ্চ সহায়তা করবে বলে জানান।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার পোশাক শিল্পের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, "কিছু পক্ষ দেশের জন্য গুরুত্বপূর্ণ পোশাক শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।"
মন্ত্রী জানান, সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছে এবং যারা দেশের স্থিতিশীলতা চায় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।