শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সান ফ্রান্সিসকোতে গোল্লাছুটের প্রথম প্রযোজনার সফল মঞ্চায়ন

সান ফ্রান্সিসকোতে গোল্লাছুটের প্রথম প্রযোজনার সফল মঞ্চায়ন, দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সান ফ্রান্সিসকোতে গোল্লাছুটের প্রথম প্রযোজনার সফল মঞ্চায়ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়ায় প্রবাসী বাঙালিদের নাট্যচর্চার নতুন যাত্রা শুরু হলো ‘গোল্লাছুট’-এর হাত ধরে। দলটির প্রথম প্রযোজনা বিশ্বখ্যাত ব্রিটিশ রহস্যসাহিত্যিক আগাথা ক্রিস্টির কালজয়ী নাটক ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’ সফলভাবে মঞ্চস্থ হয়েছে।

৩০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত কাবারলি থিয়েটারে নাটকটির মঞ্চায়ন হয়। নির্দেশনায় ছিলেন হুসাইনুল আবেদিন সাইমুম। দীর্ঘ কয়েক মাসের প্রস্তুতি, নিয়মিত মহড়া এবং শিল্পী-কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নাটকটি দর্শকদের প্রশংসা পেয়েছে।

দর্শকরা নাটকের রহস্যময় আবহ, নাটকীয়তা এবং শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হন। আলোক পরিকল্পনা, শব্দ সংযোজন, মঞ্চসজ্জা, পোশাক ও রূপসজ্জা নাটকের সামগ্রিক মানকে আরও উন্নত করেছে।

‘গোল্লাছুট’ নাট্যসংগঠনটির এটি প্রথম প্রযোজনা, তবে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করছে।

নাটকটির সফল মঞ্চায়নে পরিচালক হুসাইনুল আবেদিন সাইমুমের পাশাপাশি অন্যান্য শিল্পী ও নেপথ্যকর্মীদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রযোজনার সার্বিক দিকনির্দেশনার জন্য অস্টিন থেকে অভিনয়শিল্পী সাজু খাদেমও সহযোগিতা করেন।

গোল্লাছুটের উদ্যোক্তা হুসাইনুল আবেদিন সাইমুম বলেন, ‘প্রবাসে থিয়েটারে সময় দেওয়ার জন্য শিল্পী সংগ্রহ ছিল বড় চ্যালেঞ্জ। তবে আমরা দেখতে পেলাম, শিল্পমনা মানুষেরা এমন একটি উদ্যোগের অপেক্ষায় ছিলেন।’

গোল্লাছুটের প্রথম প্রযোজনার সাফল্য প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও নাট্যচর্চাকে এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন