বাংলার ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে যাচ্ছে ‘ইনভিজিবল স্টোরিজ’। এই নাট্যপ্রযোজনাটি ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, কোম্পানি গ্রেইন দ্য ভি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই ভিন্নধর্মী প্রযোজনায় বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশন ও কল্পনাপ্রবণ নাট্যশৈলী ব্যবহার করা হবে।
ফরাসি পাপেটশিল্পী লরি কানাকের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই প্রযোজনায় বাংলাদেশের সমৃদ্ধ লোককথা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনুপ্রেরণা রয়েছে। নাটকের কাহিনীতে দেখা যাবে, ঢাকার দৈনন্দিন জীবনে ভূতের প্রভাব অনুসন্ধানে দুই বিজ্ঞানী এক বিস্ময়কর অভিযাত্রায় বের হন।
এই অভিযাত্রায় মানবজগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে ওঠে। তাদের যাত্রা সুন্দরবনের রহস্যময় বনভূমি ও প্রকৃতির অপার সৌন্দর্যের দিকে পৌঁছে যায়।
নাটকে ঢাকাকে এক পরাবাস্তব মহানগরী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে যানজট ও নগরায়ণের দুর্ভোগ অতিপ্রাকৃত ব্যাখ্যায় নতুন মাত্রা পায়।
প্রযোজনাটিতে অভিনয় করছেন লরি কানাক ও স্বাতী ভদ্র, এবং সরাসরি সংগীত পরিবেশন করবে নোনাভূমি অর্গানাইজেশন। ৬ নভেম্বরের পরিবেশনা ইংরেজি ও বাংলা ভাষায় এবং ৭ নভেম্বরের পরিবেশনা ফরাসি ও বাংলা ভাষায় অনুষ্ঠিত হবে।