রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) শনিবার সন্ধ্যায় ‘সায়েন্টিফিক লাইফস্টাইল অ্যান্ড দি সাইন্স অব লিভিং লংগার’ শীর্ষক একটি বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের হেলথ সাবকমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ক্লাবের প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সেমিনারের মূল লক্ষ্য ছিল বিজ্ঞানসম্মত জীবনযাপনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম হার্ট কেয়ারের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। তিনি সুস্থ ও দীর্ঘায়ু জীবনের বৈজ্ঞানিক ভিত্তি, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক কার্যক্রম, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মেডিটেশন এবং ইতিবাচক জীবনধারার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ডা. মনিরুজ্জামান বলেন, “দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন।”
সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি সদস্যদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
মূল আলোচনা শেষে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যকর জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং মানসিক সুস্থতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।
ক্লাবের ইসি মেম্বার (ফুড অ্যান্ড হেলথ) ও হেলথ সাবকমিটির দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জোবায়ের হোসেন জানান, ভবিষ্যতে অস্টিওপোরোসিস, হৃদ্রোগ, কিডনি ও লিভারের স্বাস্থ্য, নারী ও শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বক্তব্য, নৈশভোজ, র্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন করা হয়। ক্লাব কর্তৃপক্ষ আশা করে, এ ধরনের উদ্যোগ সদস্য ও তাদের পরিবারকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করবে।