রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগী বিদেশে যেতে বাধ্য হন, যা দেশের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ।
রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে ‘কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’ উদ্বোধনকালে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য দক্ষ জনবল নিয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। তিনি চিকিৎসাসেবায় মানবিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি মানুষের জীবন ও মর্যাদার সাথে সম্পর্কিত একটি মহান দায়িত্ব।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিগত ১৭ বছরে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনবল নিশ্চিত না করেই ব্যয়বহুল যন্ত্রপাতি কেনা হয়েছে, যা কার্যকর ব্যবহারের অভাবে অব্যবহৃত রয়েছে।
বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
সম্মেলনে একটি জাতীয় কোলোরেক্টাল সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি উত্থাপিত হলে রাষ্ট্রপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, দেশের তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দেশ ও বিদেশের বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।