কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ৭ নভেম্বর রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে ‘ইশক-এ-নুসরাত’ নামে একটি বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজনের দায়িত্বে রয়েছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং প্রথম কাওয়ালি ব্যান্ড ‘নাফস’ সংগীত পরিবেশন করবে। এছাড়া, ‘এইচইউ সুফি ট্রুপ’ সুফি নৃত্য পরিবেশন করবে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।
ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস’র প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন জানান, ‘ইশক-এ-নুসরাত’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা ও তাঁর সংগীতের চিরন্তন উত্তরাধিকার উদযাপনের একটি উদ্যোগ।
সংগীতপ্রেমী এবং সুফি সংগীতের অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে উঠবে বলে আয়োজকরা প্রত্যাশা করছেন। ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় কেআইবি অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলবে এবং মূল অনুষ্ঠান সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে নুসরাত ফতেহ আলী খানের প্রতি সম্মান জানাতে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন থাকবে। পুরো ভেন্যু সুফি থিমে সাজানো হবে। আয়োজকরা নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং পরিবার নিয়ে উপভোগ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
এই কাওয়ালিসন্ধ্যার টিকিটের মূল্য ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং টিকিফাই ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে।