সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক পুলিশ সদস্য কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৬ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় জনতা ও ক্ষুব্ধ লোকজনের রোষানল থেকে তাকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে কৃপেশ রায় নামের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে একটি অবমাননাকর পোস্ট করা হয়।
পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোমবার দুপুরে সাধারণ মানুষ তাকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
অভিযুক্ত কৃপেশ রায় পুলিশ হেফাজতে নেওয়ার আগে দাবি করেন যে তার ফেসবুক আইডিটি হ্যাকিংয়ের শিকার হয়েছে কিংবা তার অজান্তে অন্য কেউ ওই পোস্টটি ছড়িয়েছে। এ বিষয়ে তিনি ঘটনার আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলেও জানা গেছে।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার করা জিডি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।