সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন কাদির ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে শাহীন কাদির দুটি বিয়ে করেছিলেন, কিন্তু দুটি সংসারেই বিচ্ছেদ ঘটে। এর ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাহীন কাদির নিজ বসতঘরের দরজা বন্ধ করে ঘরের কাঠের আংটার সাথে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পারিবারিক হতাশা থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হোসেন।