ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজের নামের ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন।
নিহত জাহাঙ্গীর আলম এসআই (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।
এখনো পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনার পর পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য তাঁর নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে এবং তারা আসলে পারিবারিক বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।