মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২১ সেপ্টেম্বর মধ্যরাতে এই ঘটনা ঘটে। ধর্ষণের পর ওই নারীর হাত-পা বেঁধে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী গৃহবধূ বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হওয়ার পর মুখোশধারী পাঁচ ব্যক্তি তাকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে কৃষিজমিতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
পরে অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে, চোখ-মুখসহ শরীরে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীর ভাষ্যানুযায়ী, অভিযুক্তদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনার পর ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার মামলার পর এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।