মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের পর ওই নারীর হাত-পা বেঁধে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ওই নারী গত ২১ সেপ্টেম্বর মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখোশধারী অজ্ঞাত পরিচয়ের পাঁচ ব্যক্তি তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাদের মধ্যে একজন ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তাকে কৃষিজমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ধর্ষণের পর অভিযুক্তরা ওই নারীর হাত-পা কাপড় ও ওড়না দিয়ে বেঁধে, চোখ-মুখসহ শরীরে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, অভিযুক্তদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা স্থানীয় ভাষায় কথা বলছিল। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানিয়েছেন, ঘটনার পর ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।