সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তাঁর স্ত্রী শাম্মী আক্তার পলি, ছেলে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল, মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা, ইফাত আলম রাবিদ, কাওছার আহমদ সোহাগ ও তাকবির রহমান তানহির।
পুলিশ জানায়, ২৯ অক্টোবর রাতে নাশকতার মামলায় দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে চিকিৎসার জন্য নেওয়া হয়।
পুলিশের অভিযোগ, ওই দিন রাত দেড়টার দিকে প্রিন্সের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা হাসপাতালে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় তাঁকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। ওসি মো. রতন শেখ জানান, গ্রেপ্তার আটজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।