বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১

দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১, আহত ৮।

দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হুতি হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সশস্ত্র গোষ্ঠী হুতি সদস্যরা এই হামলা চালায়, এতে নিহত হয়েছেন একজন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে।

একই দিনে সৌদির আরামকোর একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুতিরা। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলাকে ভূপাতিত করার দাবি করেছে। এ হামলার ধ্বংসাবশেষের কারণে দু'জন নিহত এবং দু'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে, সৌদি আরবে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

সম্প্রতি ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবের রাজধানী রিয়াদসহ প্রধান বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। পরদিন ১১ অক্টোবর বিমানবন্দরটিতে আবারও হামলা চালানো হয়।

এই ধারাবাহিক হামলাগুলো সৌদি ভূখণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। এর প্রভাব হিসেবে রাজধানী রিয়াদে ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত বৈশ্বিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন