হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। বুধবার (২১ অক্টোবর) দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, হরমুজ প্রণালিতে কোনো বাধা বা ফি ছাড়াই জাহাজ চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানান তারা। এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল-হাশমি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি খুলে দিতে কূটনৈতিক আলোচনা চলছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেন, ইরান কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত।
এছাড়া, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানায় কাতার ও ফ্রান্স। তারা বলেন, কোনো শর্ত বা বাধা ছাড়াই নিরাপদে মানবিক সহায়তা পৌঁছাতে হবে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ খাদ্যসংকটে রয়েছে, যা গাজার মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
কাতার ও ফ্রান্স পশ্চিম তীর দখল বা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে। একই সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপন এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।