ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। প্রিয় দলের সমর্থনে পতাকা ওড়ানো, জার্সি পরা থেকে শুরু করে বন্ধু-বান্ধবের সঙ্গে তর্ক-বিতর্ক—সব মিলিয়ে এক উৎসবের আমেজে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা। বাংলাদেশে বিশ্বকাপ এলে এই উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসে তৈরি হয় অন্যরকম এক আবহ।
এবার এই উন্মাদনা, পারিবারিক খুনসুটি এবং পাড়া-মহল্লার মজার সব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘আমাদের বিশ্বকাপ’। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। গল্পে উঠে এসেছে একটি পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন দলের সমর্থক হওয়ার কারণে তৈরি হওয়া নানা হাস্যরস, তর্ক-বিতর্ক এবং মজার পরিস্থিতি।
নাটকটিতে শুধু পরিবার নয়, পাড়া-মহল্লাজুড়েও বিশ্বকাপকে ঘিরে বাড়াবাড়ি, উন্মাদনা এবং বিচিত্র সব ঘটনার প্রতিফলন দেখা যাবে। মহিদুল মহিম বলেন, 'নাটকটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। বড় পরিসরে কাজটি করার চেষ্টা করেছি। সময়ের জনপ্রিয় শিল্পীদের নিয়ে এমন একটি গল্প তুলে ধরতে চেয়েছি, যেখানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবং পারিবারিক ঘটনাগুলো বাস্তবসম্মতভাবে ফুটে উঠবে।'
তিনি আরও জানান, প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে শুটিং করতে হয়েছে, তবে পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। এজন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
সব ঠিক থাকলে, নাটকটি আজ সন্ধ্যা ৭টায় জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।