ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে বিশেষ ফুড ফেস্টিভ্যাল 'ওয়ার্ল্ড কাপ ফ্লেভার্স', যা ফুটবল বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে উপস্থাপন করছে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
গত ২৪ জুন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন হোটেলের ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ অলিভিয়ের লোরো, এক্সিকিউটিভ শেফ জুলিয়ান শীতল বোটলেরো এবং ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের বল দিয়ে কিক মারার মাধ্যমে রসনা-উৎসবের সূচনা হয়।
হোটেলের ডিরেক্টর অলিভিয়ের লোরো জানান, 'ফুটবল শুধু খেলা নয়, এটি সংস্কৃতি ও আবেগের মিলন। আমরা তিন আয়োজক দেশের সংস্কৃতিকে খাবারের মাধ্যমে তুলে ধরতে চাই।'
এক্সিকিউটিভ শেফ জুলিয়ান শীতল বোটলেরোর নেতৃত্বে তৈরি হয়েছে দুই শতাধিক পদ, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্ট্রিট ফুড থেকে শুরু করে সিগনেচার ডিশ। মেন্যুর মধ্যে আমেরিকান ক্লাসিক ম্যাক অ্যান্ড চিজ, বার্গার, হটডগ, কানাডার পুটিন এবং মেক্সিকোর টাকোস উল্লেখযোগ্য।
ডেজার্ট স্টেশনে মেক্সিকোর চুরোস, নিউইয়র্ক চিজকেক, কানাডার নানাইমো বার এবং আরও অনেক কিছু রয়েছে। এই আয়োজন শুধু খাবারেই সীমাবদ্ধ নয়, বরং এলিমেন্টস গ্লোবাল ডাইনিং বিশ্বকাপের রঙে সাজানো হয়েছে।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে ওপাস রেস্তোরাঁয়, যেখানে অতিথিরা খেলা দেখতে পারবেন। এই বিশেষ বুফে নৈশভোজ চলবে ৩০ জুন পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা। জনপ্রতি খরচ ১১ হাজার ৫০০ টাকা।
মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাহউদ্দিন বলেন, 'আমরা চাই বিশ্বকাপের উত্তেজনা খাবার, আড্ডা এবং উদ্যাপনের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে পড়ুক।'