চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজন করেছে দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা।
প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। চট্টগ্রামের তরুণদের এই খেলায় আরো এগিয়ে নেওয়ার জন্য আমি সার্বিক সহযোগিতা করব।’
শোয়েব ফারুকী জানান, ‘ভার্টিক্যাল ড্রিমার্সের তরুণেরা অসাধারণ আলোকচিত্র তুলে নিজেদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করা সহজ কাজ নয়। তাই তাদের এই দক্ষতা প্রশংসনীয়।’
ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘পর্বতারোহণ খেলা হয় পৃথিবীর দূরতম প্রান্তে। ছবির মাধ্যমে দর্শকরা দূর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।’
‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। সহযোগিতায় রয়েছে বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।