পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতাল ২০ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। জনবল সংকটের কারণে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
২০০৬ সালে কাঁঠালতলীতে নির্মিত হাসপাতালটি বহির্বিভাগে চিকিৎসাসেবা চালু হলেও সরকার পরিবর্তনের পর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। হাসপাতালটিতে বর্তমানে ১ জন আবাসিক মেডিকেল অফিসার, ৪ জন জুনিয়র কনসালটেন্ট ও ৫ জন মেডিকেল অফিসারের পদ খালি রয়েছে।
৪১টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ৩ জন নার্স কর্মরত আছেন, যার ফলে সেবা ব্যাহত হচ্ছে। মেডিকেল অফিসার গাজী এজাজ আহম্মেদ জানান, “২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও চালু হয়েছে বহির্বিভাগ। মাত্র একজন মেডিকেল অফিসার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও তিনজন নার্স সেবা দিচ্ছেন।”
পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, “হাসপাতাল সংস্কার, জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে।” তিনি স্থানীয়দের দাবি জানান যে, হাসপাতালটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।