পঞ্চগড়ের স্বাস্থ্যসেবায় জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের অধিকাংশই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন ওয়ার্ডের মেঝে এবং বারান্দায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শয্যার সংখ্যা মাত্র ১০০, কিন্তু প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন এক হাজারের বেশি রোগী। ভর্তি থাকেন ২৫০ থেকে ৩০০ জন, ফলে শয্যা না পেয়ে রোগীদের মেঝে, বারান্দা এমনকি চলাচলের জায়গাতেও ঠাঁই নিতে হচ্ছে।
এ পরিস্থিতিতে চিকিৎসক ও নার্সদের জন্য চাপ বৃদ্ধি পাচ্ছে। রোগীদের অনেককেই চিকিৎসার জন্য দিনাজপুর কিংবা রংপুর মেডিকেলে পাঠানো হচ্ছে।
সীমান্ত উপজেলা তেঁতুলিয়া, বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী স্বাস্থ্যকেন্দ্রেও একই চিত্র দেখা যাচ্ছে। চারটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১৬৬ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৪৬ জন।
পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান জানান, 'সীমিত চিকিৎসক ও জনবল দিয়ে জেলার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ।'
এদিকে, হাসপাতালের সংকটের মধ্যে পাশেই নির্মিত হয়েছে ১৫০ শয্যার নতুন হাসপাতাল, যার নির্মাণ ব্যয় প্রায় ৫৭ কোটি টাকা। তবে জনবলের অভাবে সেখানে চিকিৎসাসেবা চালু করা সম্ভব হচ্ছে না।