মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সরকার ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

সরকার ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে।

সরকার ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট মোকাবেলা করতে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের কাজ শুরু করেছে। এ ছাড়া ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত আজ জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত জরুরি নোটিশের জবাবে এসব তথ্য জানান। তিনি বলেন, 'সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।'

প্রতিমন্ত্রী আরও জানান, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১,৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১,৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

নার্স সংকট নিরসনে ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ১,৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, 'স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও জরুরি।' নতুন হাসপাতালের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে তারা নিরাপদে কাজ করতে পারেন।

তিনি আশা প্রকাশ করেন, 'আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।'

বিজ্ঞাপন