আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়। খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।