দীর্ঘ ১৬ মাস পর মঞ্চে ফিরছে জনপ্রিয় রকব্যান্ড ‘অর্থহীন’। একই মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, ব্ল্যাকসহ ৮টি ব্যান্ড। এই রকসংগীতপ্রেমীদের মিলনমেলা ঘটছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ নামের কনসার্টে।
আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। নতুন লাইনআপ নিয়ে প্রথমবারের মতো মঞ্চে পারফর্ম করতে যাচ্ছে অর্থহীন।
ব্যান্ডটির পুরনো সদস্য গিটারিস্ট শিশির আহমেদ মঞ্চে ফিরছেন। মার্চ মাসে ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন দল ত্যাগ করেন। নতুন সদস্য হিসেবে কিবোর্ড ও গিটারে যুক্ত হয়েছেন আদনান আতিক, এবং অতিথি সদস্য হিসেবে ড্রামসে থাকবেন শেখ এম রিয়াজ।
অন্যদিকে, আর্টসেল নতুন মুখ বখতিয়ার হোসাইনকে নিয়ে মঞ্চে উঠবে। সম্প্রতি ব্যান্ডটির সদস্যরা জানান, তাঁদের দীর্ঘদিনের ভোকালিস্ট লিংকন ডি’কস্তা সাময়িক বিরতিতে যাচ্ছেন।
ওভারলোড ফেস্টিভ্যালের পুরো লাইনআপে রয়েছে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ ও রকসল্ট। আয়োজকরা জানান, কনসার্টটি দুপুর ২টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ টিকিট বিক্রি শুরু হয়েছে।