রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ওয়ার্ডের গ্রিলবিহীন বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী আবু হুরাইরা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। জানা যায়, শিশুটির বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার ছয় বছর বয়সী বড় বোনও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
শিশুটির মা সেলিনা বেগম জানান, স্বামী ও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি হিমশিম খাচ্ছিলেন। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তার জমানো টাকা প্রায় শেষ হয়ে যাওয়ায় তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
সেলিনা বেগম বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে চিকিৎসকের চেম্বারে গেলে আবু হুরাইরা হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায়। একপর্যায়ে সে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। বারান্দাটিতে নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না।
দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসা ও স্যালাইন দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর আড়াইটার দিকে শিশুটি মারা যায়।
হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’
হাসপাতালের দাফতরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।