শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা বাড়ানোর পরিকল্পনা সরকারের

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা বাড়ানোর পরিকল্পনা সরকারের

মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা সুবিধার সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে সরকার। জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আজ বুধবার এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বর্তমানে ৯৯ জন মুক্তিযোদ্ধাকে সরকার মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সারা দেশে মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, নাসিরনগরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১৩ জন মুক্তিযোদ্ধা অথবা তাঁদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন একটি আবাসন নির্মাণ প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সম্পর্কে মন্ত্রী বলেন, সরকারের নিয়মিত অর্থ বরাদ্দের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সহযোগীদের কল্যাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

বর্তমান নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালে মুক্তিযোদ্ধা ও সহযোগীরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পান। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় এক লাখ টাকা এবং জটিল রোগের জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

মুক্তিযোদ্ধাদের স্বামী বা স্ত্রীরাও চিকিৎসা সহায়তার আওতায় রয়েছেন। তাঁরা উপজেলা পর্যায়ে ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা পান। বিশেষায়িত হাসপাতালে তাঁদের জন্য সাধারণ রোগের চিকিৎসায় ৫০ হাজার টাকা এবং জটিল রোগের জন্য দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন