দেশের জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আজ বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬: নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন।
তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও আমদানির ওপর স্থায়ী নির্ভরতা কমানোই সরকারের প্রধান লক্ষ্য। সরকার ইতোমধ্যে সোলার প্যানেল উৎপাদন ও সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ কর অব্যাহতিসহ নানামুখী নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে।
মাহদী আমিন বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে সরকার কাজ করছে। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়াতে সরকার দ্রুততম সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
তিনি জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে জানান, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের আধুনিক পদ্ধতি সব শিল্পখাতে প্রয়োগের তাগিদ দেন তিনি।
পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এ খাতের নীতিগত সুরক্ষা দিচ্ছে। পোশাক খাতের পাশাপাশি রপ্তানি বাস্কেট সম্প্রসারণ, শ্রমিকের অধিকার রক্ষা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর জোর দেন মাহদী আমিন।
তিনি আরও জানান, দেশে এককভাবে পোশাক খাতে প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে। সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে।
সম্মেলনে সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।