মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব। তিনি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি সম্পর্কে সচেতন। তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার কাজ করছে।

সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতি সহায়তা এবং আর্থিক প্রণোদনা প্রদান করছে।

প্রধানমন্ত্রী আরও জানান, সৌরবিদ্যুৎ স্থাপন সহজ করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। সরকার আশা করছে, গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অফিস, স্কুল-কলেজ, হাসপাতাল এবং বাসাবাড়ির অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী জানান, নেট মিটারিং ব্যবস্থার আওতায় বাড়তি সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ক্রয় করবে।

বিজ্ঞাপন