বাংলাদেশে ১০ ও ২০ টাকার নোট প্রতিদিনের লেনদেনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে বাজারে এসব নোটের একটি বড় অংশই ছেঁড়াফাটা, ময়লাযুক্ত ও জরাজীর্ণ হয়ে পড়েছে, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চা-দোকান থেকে গণপরিবহন পর্যন্ত সব জায়গায় এই নোটের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানোর কাজ শুরু করলেও, পরিস্থিতি সহজ হচ্ছে না। বিশ্লেষকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছেন। তেজগাঁওয়ের চা-দোকানদার ওয়াহিদ বলেন, প্রতিদিন অসংখ্য ক্রেতার কাছ থেকে ছেঁড়াফাটা টাকা নিতে হয় এবং তা অন্য কোথাও চালাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।
দেশে দুই থেকে এক হাজার টাকার নয়টি নোট ব্যবহার হলেও, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ছোট নোটগুলো। ফলে, প্রতিদিনের কেনাকাটায় জনগণ ভোগান্তিতে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ছেঁড়াফাটা নোট বদলানোর ব্যবস্থা থাকলেও অনেক ব্যাংক থেকে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কাগজ, কালি ও নিরাপত্তা সরঞ্জাম সময়মতো না পাওয়ার কারণে তারা বাধ্য হচ্ছেন অযোগ্য নোট বাজারে ছাড়তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ড. শহীদুল জাহিদ বলেন, জনগণের জন্য তুলনামূলক সহজ পরিবেশ তৈরি করতে হবে, যাতে তারা ডিজিটাল লেনদেনে উৎসাহিত হন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যারা সাপ্লাই দেয় তারা যদি যথাসময়ে সাপ্লাই না দিতে পারেন, তবে ধৈর্য ধরতে হবে। বর্তমানে কাগজের সংকটের কারণে ২০ টাকার নতুন নোট নেই।
বাংলাদেশ ব্যাংক বলছে, ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়ের নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।