বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা কিউআর কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান এবং দোকান বা মার্চেন্টের পয়েন্টে লেনদেনের ওপর কোনো ফি বা সার্ভিস চার্জ আরোপ করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যে দোকান বা মার্চেন্টের পয়েন্টে টাকা জমা হয়, তারা প্রতি হাজারে ১ টাকা কমিশন পাবে। অন্যদিকে, যে ব্যাংক বা প্রতিষ্ঠান কার্ড প্রদান করবে, তারা প্রতি ২ হাজারে ২ টাকা কমিশন পাবে।
এই সিদ্ধান্ত ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মূলত মার্চেন্ট পেমেন্ট সহজ করা, ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য এবং সেবা ডিজিটাল পেমেন্টের আওতায় আনতেই কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ নেওয়া হয়েছে।