বাংলা কিউআরে পেমেন্ট গত সাত মাসে ৬ গুণ বেড়ে ১ হাজার ২৫০ কোটি টাকায় পৌঁছেছে। চলতি বছরের প্রথম মাসে এই অঙ্ক ছিল ২১২ কোটি টাকা।
গত ১ জুলাই থেকে দেশের সকল ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআরে বাধ্যতামূলক করা হয়। বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেনের জন্য এই ব্যবস্থা চালু করে।
এ উদ্যোগের উদ্দেশ্য হলো লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, ছাপানো নোটের ব্যবহার কমানো এবং লেনদেনকে নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুত করা। কিউআর-ভিত্তিক লেনদেনে মার্চেন্টদের জন্য এক শতাংশ চার্জ প্রযোজ্য হয়।
কিন্তু ক্ষুদ্র মার্চেন্টদের জন্য এই চার্জ প্রযোজ্য না করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩৭টি প্রতিষ্ঠান বাংলা কিউআরে যুক্ত হয়েছে, যা দেশের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।