বাংলা কিউআরে চলতি বছরের জুন মাসের তুলনায় বর্তমানে চার গুণ বেশি লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পহেলা নভেম্বর থেকে কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি সার্ভিস চালু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বনানী ও গুলশানে রবি আজিয়াটা পিএলসি ও অন্যান্য রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, গেল জুনে বাংলা কিউআর কোডে দৈনিক ৪০ কোটি টাকা লেনদেন হতো, যা এখন চার গুণ বেড়ে গেছে।
ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করতে দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালু করা হচ্ছে। তবে প্রান্তিক পর্যায়ে বাংলা কিউআর সার্ভিস পৌঁছাতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ করছে।
ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক মাধ্যম এবং বিভিন্ন এমএফএস’র সহায়তা প্রয়োজন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।