বাংলা কিউআর-এ লেনদেনের নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতামূলক একটি কার্যক্রমে তিনি এ তথ্য জানান।
দেশে ক্যাশলেস লেনদেনের জনপ্রিয়তা বাড়ছে, তবে এর গতি কিছুটা ধীর। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসে বাংলা কিউআর-এর ব্যবহার বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। বর্তমানে দৈনিক গড় লেনদেন প্রায় ১৪৩ কোটি টাকা।
বাংলা কিউআরকে জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক সারা দেশে মাঠ পর্যায়ে কাজ করছে। এর অংশ হিসেবে সোমবার এই কর্মসূচীর আয়োজন করা হয়।
অনেকে মনে করেন, ব্যাপক প্রচারণার অভাবে বাংলা কিউআরের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বিভিন্ন ব্যাংক প্রচারণা চালাচ্ছে।
মতিঝিলে অনুষ্ঠিত এই কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বাংলা কিউআর দিয়ে কেনাকাটার পাশাপাশি ব্যবসায়ীদের সাথে কথা বলেন। ডিজিটাল লেনদেনের সুবিধা পেয়ে বিক্রেতারাও খুশি।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা জানান, এক বছরের মধ্যে দেশে ক্যাশলেস লেনদেন ছড়িয়ে পড়বে। বর্তমানে বাংলা কিউআর সারা দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু রয়েছে।