শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেন: মার্চেন্টের হিসাবে টাকা হবে তাৎক্ষণিক

বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে, মার্চেন্টের হিসাবে টাকা হবে তাৎক্ষণিক।

বাংলা কিউআর লেনদেন: মার্চেন্টের হিসাবে টাকা হবে তাৎক্ষণিক

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির টাকা সঙ্গে সঙ্গে মার্চেন্টের হিসাবে জমা করতে হবে।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং সিস্টেম অপারেটরদের জন্য বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছে।

আগে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ছোট বিক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্থ পেলেও বড় মার্চেন্টদের জন্য টাকা জমা হতে এক থেকে দুই দিন সময় লাগত। এই কারণে অনেক ব্যবসায়ী ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে আগ্রহ হারাচ্ছিলেন।

বাংলা কিউআর ব্যবস্থায় অংশগ্রহণ বাড়াতে এবং লেনদেন সহজ করতে নতুন নিয়মের মাধ্যমে সব মার্চেন্টের হিসাবেই তাৎক্ষণিক অর্থ জমার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, আগামী ৩১ অক্টোবরের মধ্যে সরাসরি কিউআর কোড স্ক্যানের পাশাপাশি মোবাইল ফোনের গ্যালারি থেকে সংরক্ষিত বাংলা কিউআর কোডের ছবি আপলোড করেও মূল্য পরিশোধের সুবিধা চালু করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকের কার্ডধারী ছাড়াও সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন নিজেদের ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে সহজে লেনদেন করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন