শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সর্বজনীন পেনশন স্কিমের মুনাফার হার বৃদ্ধি করেছে সরকার

সর্বজনীন পেনশন স্কিমের মুনাফার হার ১১ দশমিক ৭২ শতাংশে উন্নীত করা হয়েছে।

সর্বজনীন পেনশন স্কিমের মুনাফার হার বৃদ্ধি করেছে সরকার

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের ৪র্থ সভায় এই মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ বিভাগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান কার্যক্রম পরিচালনা করেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে পেনশনারের মৃত্যুর পর নমিনিকে ৭৫ বছরের পরিবর্তে ৮০ বছর পর্যন্ত পেনশন প্রদানের সুযোগ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

সভায় ইসলামিক ভার্সন চালুর প্রস্তাবও গুরুত্ব পায়। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর বিষয়ে প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের আশা, শরিয়াহসম্মত বিনিয়োগের মাধ্যমে মুসলিম জনগণের একটি অংশকে সর্বজনীন পেনশন ব্যবস্থায় আরও সম্পৃক্ত করা সম্ভব হবে।

চাঁদাদাতাদের জন্য বিশেষ পরিস্থিতিতে অর্থ উত্তোলনের সুযোগ রাখার বিষয়েও আলোচনা হয়। ন্যূনতম পাঁচ বছর চাঁদা জমা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার মতো পরিস্থিতিতে অর্থ উত্তোলনের প্রস্তাব বিবেচনার জন্য সুপারিশ করা হবে।

গ্রাহক নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রদেয় কমিশন বাড়ানোর প্রস্তাবও সভায় আলোচনা করা হয়। বর্তমানে ১৫ টাকা কমিশন ২৫ টাকায় বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সভায় স্বাস্থ্যবীমা চালুর বিষয়েও আলোচনা হয় এবং পরিচালনা পর্ষদের আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘমেয়াদি সামাজিক ও আর্থিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন