শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রপ্তানি ঘোষণার পর সুগন্ধি চালের দাম অস্বাভাবিক বেড়েছে

সুগন্ধি চালের দাম বেড়ে যাওয়ায় পোলাও ও বিরিয়ানি রান্না কমেছে।

রপ্তানি ঘোষণার পর সুগন্ধি চালের দাম অস্বাভাবিক বেড়েছে

সরকার ৬১ হাজার মেট্রিকটন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর দেশের বাজারে চিনিগুড়া ও আতপ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

নওগাঁয় মাত্র ৩ মাসের মধ্যে সুগন্ধি চালের দাম দ্বিগুণ হয়ে গেছে, ফলে পোলাও ও বিরিয়ানি রান্নার পরিমাণ কমেছে। বর্তমানে নওগাঁর বাজারে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া চিনিগুড়া ও আতপ চালের দাম ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে পৌঁছেছে।

ব্যবসায়ীরা জানান, রপ্তানির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, ‘ব্যবসা ও কৃষির স্বার্থে চাল রপ্তানি ইতিবাচক। তবে একসাথে বেশি না করে, সারা বছর ধাপে ধাপে রপ্তানি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ রপ্তানি বন্ধ হলে ক্ষতির মুখে পড়বেন সুগন্ধি ধানের চাষিরা।’ নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম জানান, চলতি মৌসুমে নওগাঁয় প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে সুগন্ধি ধান চাষ হচ্ছে।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ‘সুগন্ধি চাল মূল খাদ্য নিরাপত্তার অংশ না হওয়ায় সাধারণ চালের বাজারে কোনো প্রভাব পড়বে না।’ সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকার সঠিক পদক্ষেপ নেবে যাতে কৃষক, ভোক্তা ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা হয়।

বিজ্ঞাপন