বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, জ্বালানি সংকটে বর্তমানে কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জ্বালানি সংকটের কারণে গত দুই মাসে কোনো কারখানা বন্ধ হয়নি।" তবে তিনি উল্লেখ করেন, অর্ডার কমে যাওয়া, বৈশ্বিক মূল্যস্ফীতি ও মার্কিন শুল্কের কারণে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩১টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
বিজিএমইএ সভাপতি আরও জানান, চলতি বছরের প্রথম দুই মাসে পোশাক খাতে ৫ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হলেও বড় বাজারগুলোর ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে এই প্রবৃদ্ধি প্রত্যাশিত নয়।
এছাড়া, শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষার জন্য গাজীপুর-আশুলিয়া শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের জন্য সরকারের কাছে জায়গা বরাদ্দের দাবি জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন যে, এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পেছানোর আবেদন চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হবে।