শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ১৭% থেকে কমে ১% হলো

এনবিআর সৌর বিদ্যুৎ সরঞ্জামের আমদানিতে কর ১৭% থেকে কমিয়ে ১% করেছে।

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কর ১৭% থেকে কমে ১% হলো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশের আমদানিতে শুল্ক-কর কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব উপকরণের আমদানিতে মোট করভার ১ শতাংশে নেমে এসেছে।

এনবিআর বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পূর্বে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার ছিল।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং অন্যান্য শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, এই সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন কার্যকর থাকবে। পূর্বে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ সুবিধা প্রযোজ্য ছিল না, তবে নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে তাদের জন্যও একই কর সুবিধা প্রদান করা হবে।

এনবিআরের আশা, কর কমানোর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়বে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

বিজ্ঞাপন